চট্টগ্রামে তিন শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিরোজ শাহ কলোনিতে অভিযান চালিয়ে প্রায় তিন শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সহায়তা করেন সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম এবং প্রকৌশল ও ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এই সময় নগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, সড়কের জায়গা দখল করে স্থাপনাগুলো গড়ে তোলা হয়। এ কারণে সড়কের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। বারবার তাগাদা দেওয়ার পরও স্থাপনাগুলো সরিয়ে নেননি অবৈধ দখলদারেরা। তাই অভিযান চালিয়ে প্রায় তিন শ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, গতকালের অভিযানে প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। এ ছাড়া স্থাপনা উচ্ছেদে একটি বুলডোজার ব্যবহার করা হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চা, মুদি, দর্জি, ওষুধ, সবজির দোকান ও রিকশার গ্যারেজ।