চট্টগ্রামে তিন শতাধিক ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের এয়াকুবনগর ও কালুরঘাট এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে তিন শতাধিক কাঁচা ও আধাপাকা ঘর এবং দোকানপাট পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে এই অগ্নিকাণ্ড হয়। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় ফিরিঙ্গিবাজারে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে অন্তত দুই হাজার বাসিন্দা।আগুনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি বলে ক্ষতিগ্রস্ত লোকজন দাবি করেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে এয়াকুবনগর এলাকায় একটি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।আগুনে প্রতিটি এক কক্ষবিশিষ্ট ৩০০টি বসতঘর, পাঁচটি দোকান, একটি ওয়ার্কশপ ও দুটি লবণের গুদাম পুড়ে গেছে। বসতঘরগুলোর মালিক মোট পাঁচজন। এক কক্ষবিশিষ্ট ঘর করে ভাড়া দেওয়া হয়েছিল। আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, কাঁচা ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছেন। এয়াকুবনগর এলাকার বাসিন্দা মো. আলী মিস্ত্রি বলেন, ‘আগুন আগুন চিৎকারে ঘুম ভেঙে যায়। সবাই দিশেহারা হয়ে পড়ে। সবাই প্রাণ নিয়ে বের হয়ে আসতে পারলেও মালামাল বের করতে পারেনি। এখন বউ-বাচ্চা নিয়ে খোলা আকাশের নিচে বাস করছি। কী করব বুঝতে পারছি না। এভাবে প্রায় ৩৫০টি পরিবার এখানে রয়েছে।’ সরেজমিনে দেখা গেছে, এখানে কিছু ঘর ছিল অর্ধেক পাকা দেয়াল ও টিনের ছাউনিবিশিষ্ট। বাকিগুলো ছিল বেড়া ও টিন দিয়ে তৈরি। এক কক্ষবিশিষ্ট এই ঘরগুলোতে পৃথক পরিবার বসবাস করত। বাসিন্দাদের বেশির ভাগই দিনমজুর। এসব লোকজনের গতকাল ঠিকমতো খাবারও জোটেনি। দুপুরে স্থানীয় প্রগতি ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত ছিল না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ ঘটনাস্থল পরিদর্শন করে সাহায্যের আশ্বাস দেন। অন্যদিকে, কালুরঘাটে সকাল সাড়ে ছয়টায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে এক কক্ষবিশিষ্ট ২৫টি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। দুই ব্যক্তির মালিকানাধীন ভাড়া দেওয়া এসব বসতঘরের পাশে থাকা গোয়ালঘরে ১০টি গরু বাঁধা ছিল। এর মধ্যে ছয়টি গরু পুড়ে মারা যায়।এখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি কাজ করে। সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে ক্ষতিগ্রস্তদের তালিকা দিয়েছি। সে অনুযায়ী ক্ষতিগ্রস্তদের করপোরেশন থেকে অর্থ, খাদ্য ও বস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে। এ ছাড়া আগামীকাল (আজ) আমি ক্ষতিগ্রস্ত এলাকায় যাব। আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ক্ষতিগ্রস্তদের কিছু সাহায্য দেব।’