চট্টগ্রামে তিন সিএনজি স্টেশনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (কেজিটিসিএল) গতকাল রোববার তিনটি সিএনজি ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন ওরফে সিএনজি জসিম। এ ছাড়া নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়।সিএনজি স্টেশন তিনটি হচ্ছে আলমাস সিএনজি স্টেশন, কাপ্তাই রাস্তার মাথা নোয়াপাড়া সিএনজি স্টেশন এবং রাউজানের ইউনুচ সিএনজি স্টেশন। কেজিটিসিএলের কর্মীরা পুলিশের সহযোগিতায় ওই সব সিএনজি ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উনু মং বিষয়টি নিশ্চিত করেন। তবে তৈরি পোশাক কারখানার নাম জানা যায়নি।পুলিশ সূত্র জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শুরুর পর থেকে পুলিশ জসিমকে খুঁজছে। সাকা চৌধুরীর দেশে-বিদেশে যে আর্থিক লেনদেন হয়, জসিম তা দেখভাল করেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে। গত ১৭ ডিসেম্বর কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত নোয়াপাড়া সিএনজি স্টেশনে পুলিশ তল্লাশি চালায়। এরপর থেকে জসিম আত্মগোপনে চলে যান।কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন সূত্রে জানা গেছে, জসিমের মালিকানাধীন ইউনুচ সিএনজি ফিলিং স্টেশনে তিন মাস আগেও একবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা করা হয়। কিন্তু কেজিটিসিএলের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। মামলা চলাকালে আবারও একই প্রতিষ্ঠানে গ্যাস চুরির ঘটনা ধরা পড়ল।