চট্টগ্রামে তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে
চট্টগ্রাম নগর ও শহরতলী এলাকার উন্নয়নে গত চার বছরে সর্বোচ্চসংখ্যক ৩৫টি প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। গৃহীত প্রকল্পের মধ্যে ইতিমধ্যে নয়টির কাজ শেষ হয়েছে। বাকি প্রকল্পের বেশির ভাগের কাজই আগামী জুন মাসের মধ্যে শেষ হবে। গতকাল রোববার চউক চেয়ারম্যান আবদুচ ছালাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সরকারি অর্থে কাজ করা অনেক কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নয়নকাজ শুরুর পর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, লোকজনকে তাদের ঘরবাড়ি ও দোকানপাট থেকে উচ্ছেদ করা। এর পরও গত চার বছরে আমরা চট্টগ্রামে মহাকর্মকাণ্ড চালিয়েছি। এতে কিছু ভুলভ্রান্তি হতে পারে।’ চউক চেয়ারম্যান বলেন, আগামী জুন মাসের মধ্যে বেশির ভাগ প্রকল্পের কাজ শেষ হবে। তখন জনগণ এর সুফল পেতে শুরু করবে। চলমান ৩৫টি প্রকল্পের বাইরে ফৌজদারহাট থেকে বায়েজিদ পর্যন্ত ২২২ কোটি টাকা ব্যয়ে একটি বাইপাস সড়ক, ১৬০ কোটি টাকা ব্যয়ে বাকলিয়া শাহ আমানত সংযোগ সড়ক এবং ২১ কোটি টাকা ব্যয়ে ডিসি রোড সম্প্রসারণ প্রকল্প বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ সময়ে সরকার চট্টগ্রাম সিটি করপোরেশনকেও ২৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে আমাদের মধ্যে কোনো দলগত বিভেদ নেই।’