চট্টগ্রামে তিনটি ওষুধের দোকানকে জরিমানা

সরকারি ওষুধ, অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট, ফিজিশিয়ান স্যাম্পল ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামে তিনটি দোকানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিপুল পরিমাণে সরকারি ওষুধ পাওয়া যাওয়ায় এই তিনটি দোকানের মধ্যে মনিকা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের লাইসেন্স জব্দ করে সিলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন নগরের আলকরণ ও উত্তর নালাপাড়া এলাকায় এ অভিযান চালান। এ সময় ওষুধ প্রশাসন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, আইনত কোনো দোকান সরকারি ওষুধ বিক্রি করতে পারবে না। কিন্তু উত্তর নালাপাড়ায় মনিকা ফার্মেসিতে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া গেছে। ফার্মেসির মালিক দুলাল ভৌমিকের ভাইয়ের স্ত্রী সাধনা দেবী চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের স্টাফ নার্স। সাধনা দেবীর বাসায়ও অভিযান চালিয়ে সরকারি ওষুধ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ইতিমধ্যে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাধায়ককে জানিয়েছেন। ফার্মেসিটির লাইসেন্স জব্দ করে দোকান সিলগালা করা হয়েছে। এ ছাড়া দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
যোগাযোগ করা হলে সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাধনা দেবীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে আরও দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। ভারতীয় ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে আলকরণ এলাকার মেসার্স আর এস মেডিকেল স্টোরকে ৩০ হাজার টাকা এবং উত্তর নালাপাড়ার মেসার্স স্বপ্না মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।