চট্টগ্রামে তিনটি ওষুধের দোকানকে জরিমানা

সরকারি ওষুধ, সামরিক বাহিনীর জন্য বরাদ্দ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করার দায়ে চট্টগ্রামে তিনটি ওষুধের দোকানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে নগরের বন্দরটিলা এলাকায় এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। সহায়তা করেন ওষুধ প্রশাসনের কর্মকর্তা তাবাসসুম মাখনুওন ও আনসার সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, ‘এত দিন বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে সরকারি ওষুধ জব্দ করেছি। আজ (শনিবার) রাজ মেডিকো নামের একটি দোকানে সরকারি ওষুধের পাশাপাশি বিক্রয়-নিষিদ্ধ সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ ওষুধও জব্দ করলাম। জিজ্ঞাসা করা হলে দোকানের মালিক জুয়েল বৈদ্য দাবি করেন, এক লোক নাকি কম দামে বিক্রি করে গেছেন, আর সরকারি ওষুধ তিনি হাজারি গলি থেকে কিনেছেন।’
অভিযানে বন্দরটিলা এলাকার রাজ মেডিকোকে ৪০ হাজার টাকা, গৌতম ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও পিপলস ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।