চট্টগ্রামে তিনটি খাবারের দোকানকে জরিমানা
কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, পোড়া তেল ব্যবহারসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রাম নগরের তিনটি খাবারের দোকানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চকবাজার এলাকার সাদিয়া’স কিচেন, হোটেল চক মালঞ্চ ও শাহ তৈয়বিয়া হোটেলে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, সাদিয়া’স কিচেন ও হোটেল চক মালঞ্চের ফ্রিজে একসঙ্গে কাঁচা ও রান্না করা মাংস এবং মসলা রাখা ছিল। এভাবে কাঁচা ও রান্না করা মাংস সংরক্ষণ করা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। সাদিয়া’স কিচেনে একটি ড্রামে জমানো পোড়া তেল পাওয়া গেছে।
এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসব অনিয়মের কারণে সাদিয়া’স কিচেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেল চক মালঞ্চকে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। নোংরা পরিবেশে পোড়া তেলে শিঙাড়া, সমুচা, ডালপুরি ভাজছিল শাহ তৈয়বিয়া হোটেল। এ কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।