চট্টগ্রামে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চারজন গ্রেপ্তার
চট্টগ্রামে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও খুলশী থানা এবং নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সাজিদুল হক (৩০), মোমিন উদ্দিন খালেদ (২৯), সুজন আলী (২২) ও রমজান আলী (১৯)। তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের চাবি, অন টেস্ট লেখার স্টিকারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা ও তাঁদের সহযোগীরা নগরের বিভিন্ন জায়গা থেকে ছয় মাসে অন্তত ৪০টি মোটরসাইকেল চুরি করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, একটি মোটরসাইকেল চুরি করে তাঁরা ২০-২৫ হাজার টাকায় অন্য একটি দলের সদস্যদের কাছে বিক্রি করেন। তাঁদের কাছ থেকে দুই দফা হাতবদলের পর মোটরসাইকেলগুলো সন্দ্বীপ, ফটিকছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ প্রত্যন্ত অঞ্চলে বিক্রি হয়।অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ৭ জুন সন্ধ্যায় নগরের এনায়েতবাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান শুরু করে এবং পরে নগরের আমবাগান এলাকায় মোটরসাইকেল চুরির সময় সাজিদুল ও মোমিনকে গ্রেপ্তার করে। এরপর মোটরসাইকেল চুরির নানা কাহিনি বের হয়ে আসে।জানা গেছে, খুলশী থানার পুলিশ প্রথমে আমবাগান থেকে সাজিদুল ও মোমিনকে গ্রেপ্তার করে। পরে পুলিশের যৌথ দল তাঁদের কোতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁরা এনায়েতবাজার থেকে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন। পরে নগরের আতুরার ডিপো এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। এরপর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন জানান, চিহ্নিত তিনটি চক্র গত ছয় মাসে নগরের বিভিন্ন স্থান থেকে কয়েক শ মোটরসাইকেল চুরি করে। এসব অভিযোগে থানায় শতাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।