চট্টগ্রামে তিনটি পানি বিপণনকারী প্রতিষ্ঠানকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া খাবার পানি বোতলজাত ও বিপণনের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি ও কদমতলী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত প্রথমে পূর্ব মাদারবাড়ির শাহ আমানত ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিএসটিআইয়ের ছাড়পত্র দেখাতে পারেননি। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা রিপন হাসানকে তিন মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ওই প্রতিষ্ঠানে রংধনু এবং মিম সুপার নামের আরও দুটি প্রতিষ্ঠানের বোতলও পাওয়া গেছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পরে একই এলাকার রংধনু ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া কদমতলী এলাকায় ওশান ব্লু ড্রিংকিং ওয়াটার নামের অপর একটি প্রতিষ্ঠানের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।