চট্টগ্রামে তিনটি বিলবোর্ড ও চারটি খুঁটি অপসারণ
চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকা থেকে তিনটি বিলবোর্ড ও চারটি খুঁটি অপসারণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পুলিশ যৌথভাবে গতকাল সোমবার সকালে এই অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
এদিকে গত রোববারের মতো গতকালও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের টাইগার পাস এলাকায় অবস্থান করতে দেখা গেছে। তাঁদের কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ধরনা দিতে দেখা যায়।
করপোরেশন সূত্রে জানা গেছে, অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান গতিশীল করতে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে গতকাল দুপুরে বৈঠক করেছেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। বৈঠকে অভিযান আরও কার্যকর করতে টিম ও যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
করপোরেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক ওরফে রাসেল গত ২০ অক্টোবর টাইগার পাস মোড়ের ফোয়ারা ঘেঁষে বিলবোর্ড স্থাপনের জন্য তিনটি খুঁটি স্থাপন করেছিলেন। গতকাল এগুলো অপসারণ করা হয়। এ ছাড়া নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়ার মালিকানাধীন অ্যাড গার্ডেনের একটি খুঁটি উচ্ছেদ করা হয়। এ ছাড়া এই এলাকা আরও তিনটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, বিলবোর্ডগুলো স্থাপনে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। তাই অবৈধ এসব বিলবোর্ড ও খুঁটি উচ্ছেদ করা হয়েছে।
এদিকে নগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ কমিশনার অভিযান গতিশীল করতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালানোর চিন্তাভাবনা রয়েছে।