চট্টগ্রামে তিনটি বেকারি ও ছয়টি বাসকে জরিমানা
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, চানাচুর, কেক তৈরি ও মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় তিনটি বেকারিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপর একটি বেকারিকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে শহর এলাকার ছয়টি বাসকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের পশ্চিম মাদারবাড়ী ও টাইগারপাস এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিজনুর রহমান। অভিযানে সহায়তা করেন বিএসটিআইয়ের কর্মকর্তা, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বেকারিগুলো হলো: মাদারবাড়ীর চট্টলা বেকারি, কামাল বেকারি, আল হোসেন বেকারি ও প্রগতি বেকারি অ্যান্ড কনফেকশনারি। চট্টলা বেকারির কারখানায় অভিযান চলাকালে আদালত দেখতে পান, মেঝেতে তেল আর কাদা। যত্রতত্র ছড়িয়ে রাখা হয়েছে বিস্কুটের ট্রে ও ময়দার বস্তা। ঘামে ভেজা শরীরে চলছে খাদ্য উৎপাদন। এসব অপরাধে ম্যাজিস্ট্রেট বেকারিটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই চিত্র দেখা যায় পাশের কামাল বেকারি ও আল হোসেন বেকারিতে। এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা করে। এসব বেকারিতে তৈরি খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।কারখানা তুলনামূলক ভালো হওয়ায় একই এলাকার প্রগতি বেকারিকে সতর্ক করা হয়। এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট ফিজনুর রহমান বলেন, প্রতিটি বেকারির পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। ঘামে ভেজা খালি হাতে চলছিল খাদ্য উৎপাদন। তাই তিনটিকে বিশুদ্ধ খাদ্য আইনে জরিমানা করা হয়। প্রতিটি বেকারিকে আগামী চার মাসের মধ্যে মেঝেতে টাইলস লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে আদালত টাইগারপাস মোড়ে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও ইন্স্যুরেন্স হালনাগাদ না থাকায় শহর এলাকায় চলাচলকারী ছয়টি বাসকে নগদ ৫০০ টাকা করে জরিমানা করেন।