চট্টগ্রামে তিনি বিএনপির নেতা, কেন্দ্রে ছাত্রদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার ঘোষিত ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সহসভাপতি করা হয়। এ নেতার নাম আহমেদুল আলম চৌধুরী ওরফে রাসেল। স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় ছাত্রদল—দুই কমিটিতেই তিনি জায়গা পেয়েছেন। তাঁকে ছাত্রদল থেকে বের করে দিতে নগর ছাত্রদলের বিভিন্ন শাখার নেতারা গতকাল শনিবার বিবৃতি দিয়েছেন। দলীয় সূত্র জানায়, রাসেল ছাত্রদলের রাজনীতি ছেড়ে বিএনপির রাজনীতিতে আগ্রহী হয়ে উঠলে গত বছরের ১৪ নভেম্বর তাঁকে কোতোয়ালি থানা বিএনপির নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর আগে থেকে তিনি নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির চট্টগ্রাম বিভাগের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় রাসেলকে। এ প্রসঙ্গে রাসেল প্রথম আলোকে বলেন, ‘কোতোয়ালি থানা বিএনপির কমিটি করার সময় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। আসলে আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে আমার যোগ্যতা ও মেধা বিবেচনায় এনে কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে সহসভাপতি নির্বাচিত করেছে।’ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহকারী শ্রমিকবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন বলেন, ‘রাসেল ছাত্রদলের রাজনীতি করতে আগ্রহী নয় বলে তাঁকে কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। হঠাত্ করে তাঁকে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি করা হয়েছে। এটা আসলে দলের গঠনতন্ত্রবিরোধী। ছাত্রদলের স্থানীয় নেতারা এ ব্যাপারে কেন্দ্রে অভিযোগ দেবে বলে আমি শুনেছি।’এদিকে ছাত্রদলের সরকারি কমার্শিয়াল কলেজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, শহীদ জে এম এম কলেজের সাধারণ সম্পাদক নীরব মো. রাশেদ, আইন কলেজের সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী ও বাকলিয়া থানার সহসভাপতি এমদাদুল হক বাদশা পৃথক বিবৃতিতে রাসেলকে ছাত্রদলের কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।