চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনজি স্টেশনে গ্যাস নেই। ফটক বন্ধ। তার পরও গ্যাস নেওয়ার আশায় গাড়ি নিয়ে চালকদের দীর্ঘ অপেক্ষা। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রামের টাইগারপাস এলাকা থেকে তোলা  প্রথম আলো
সিএনজি স্টেশনে গ্যাস নেই। ফটক বন্ধ। তার পরও গ্যাস নেওয়ার আশায় গাড়ি নিয়ে চালকদের দীর্ঘ অপেক্ষা। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রামের টাইগারপাস এলাকা থেকে তোলা প্রথম আলো

চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় গ্যাসের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত সপ্তাহে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহের পর থেকে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। গ্যাস-সংকটে কয়েকটি বড় আবাসিক এলাকায় রান্নাবান্নার কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। শিল্প কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। যানবাহনও গতকাল গ্যাস পায়নি। সংকট নিরসনে সরবরাহকারী সংস্থা কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি জাতীয় গ্রিড থেকে আরও গ্যাস চেয়েছে। তবে বাড়তি গ্যাস কবে নাগাদ মিলবে, তার নিশ্চয়তা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্যাস সরবরাহকারী সংস্থা সূত্র জানায়, চট্টগ্রামে গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট। সব মিলিয়ে চট্টগ্রামে শিল্প ও আবাসিক এলাকায় সরবরাহ হচ্ছে মাত্র ২২২ থেকে ২২৪ মিলিয়ন ঘনফুট। ১৫ নভেম্বর থেকে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) পূর্ণ উৎপাদনে যায়। ওই দিন থেকে ৪৪-৪৫ মেগাওয়াট গ্যাস টেনে নিচ্ছে সিইউএফএল। এ কারণে চট্টগ্রামে গ্যাসের সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নগরের বাকলিয়া, জামালখান, রহমতগঞ্জ, নাসিরাবাদ, আগ্রাবাদ, লাভলেইনসহ বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ নেই। এসব এলাকায় প্রতিদিন ভোর ছয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত চুলা আর জ্বলছে না। আবার রাত আটটা থেকে ১১টা পর্যন্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংকটে পড়েছেন গৃহিণীরা।

নগরের রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ মোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘১৫ নভেম্বর থেকে বাসার চুলা জ্বলছে না। বাড়ির নিচতলায় পার্কিংয়ে লাকড়ি দিয়ে চলছে রান্নাবান্না। নগরের নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ জন্য আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’ বাকলিয়া এলাকার গৃহবধূ হাসনা হেনা বলেন, ‘গ্যাস-সংকটের প্রথম দিনে আমরা ৪০০ টাকার খাবার কিনেছি। এখন বিকেল ও গভীর রাতে বাসার রান্নাবান্নার কাজ চলে। আর শুকনো খাবার দিয়ে সকালের নাশতা সেরে নিচ্ছি।’

প্রাইভেট গাড়ির চালক জসিম উদ্দিন জানান, ‘গতকাল বেলা ১১টায় ওয়াসা মোড়ের সিএনজি স্টেশনে গিয়ে অনেকক্ষণ অপেক্ষার পর জানলাম গ্যাস নেই। ওখান থেকে বেরিয়ে আরও দু-একটাতে গিয়ে ফিরে এলাম।’

গ্যাস সরবরাহকারী সংস্থা সূত্র জানায়, নগরে আবাসিক গ্রাহকের সংখ্যা তিন লাখ ৬০ হাজারের বেশি। শিল্পকারখানার গ্রাহক প্রায় এক হাজার। আর সিএনজি ফিলিং স্টেশন রয়েছে ৬২টি। আবাসিক গ্রাহকের গ্যাসের চাহিদা সর্বোচ্চ ৪০ মিলিয়ন ঘনফুট। ৬২টি ফিলিং স্টেশন থেকে গাড়িগুলো টেনে নিচ্ছে আরও ৩০-৩২ মিলিয়ন ঘনফুট। সংকট সম্পর্কে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. সহীদ আলী প্রথম আলোকে বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে আমার আগ্রাবাদের বাসায় চুলা জ্বলেনি। তাই নাশতা তৈরি হয়নি। গ্যাস-সংকটের কারণে নগরের অনেক আবাসিক এলাকায় চুলা জ্বলছে না। সরবরাহ বাড়ানোর জন্য আমরা উচ্চপর্যায়ে চিঠি দিয়েছি।’ সহীদ আলী আরও বলেন, ‘বিভিন্ন শিল্পকারখানায় নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাপটিভ পাওয়ার প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা সেই বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দিচ্ছি। সেখান থেকে আট-দশ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, যা দিয়ে গ্রাহকদের চাহিদা মেটানো হবে।’

গ্রাহকেরা জানান, সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের সূচিতে পরিবর্তন আনা জরুরি। কারণ, ফিলিং স্টেশনগুলো সকালে যখন চালু থাকে, তখন বাসাবাড়িতে রান্নার ধুম পড়ে। তাই পাইপলাইনে গ্যাসের চাপ আর থাকে না। তাই দিনের ১২টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেন অনেক গ্রাহক। মো. সহীদ আলী এ প্রসঙ্গে বলেন, ‘উচ্চপর্যায় থেকে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা পরিবর্তনের এখতিয়ার আমাদের নেই। তবে আবাসিক গ্রাহকদের স্বার্থে সিদ্ধান্তটি পরিবর্তন করা হলে আমাদের সমস্যা নেই।’

এদিকে শিল্পকারখানায় গ্যাসের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। তারা জানায়, এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ভোগান্তি বেড়েছে। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘গ্যাসের সংকট দূর করতে আমরা জ্বালানিমন্ত্রী, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির কাছে চিঠি পাঠিয়েছি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। কিন্তু গ্যাস সরবরাহ কমিয়ে দিয়ে কারখানার উৎপাদন ব্যাহত করলে বাণিজ্যিক রাজধানী হয় না। এটা চট্টগ্রামবাসীর সঙ্গে প্রহসন ছাড়া কিছু নয়।’