চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকট, ভোগান্তি
চট্টগ্রামে গ্যাস-সংকট গত তিন দিনে তীব্র আকার ধারণ করেছে। দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে এত দিন ২৮০ মিলিয়ন ঘনফুট পাওয়া গেলেও গত তিন দিনে তা কমেছে আরও ১০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানা থেকে শুরু করে আবাসিক গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চট্টগ্রামে গ্যাস বিতরণের দায়িত্বে আছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড। এই কোম্পানির সূত্র জানায়, কর্ণফুলী গ্যাস পায় গড়ে ২৮০ মিলিয়ন ঘনফুটের মতো। ৬ জুনও পেয়েছিল ২৮১ মিলিয়ন ঘনফুট। কিন্তু সুনামগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন ব্যাহত হওয়ায় পরদিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনে গড়ে ১৮১ মিলিয়ন গ্যাস পাচ্ছে। ফলে চলমান গ্যাস-সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।
পেট্রোবাংলা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি সূত্র জানায়, বাংলাদেশে উৎপাদিত গ্যাসের অর্ধেক আসে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে। বিবিয়ানায় দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। উৎপাদিত এই গ্যাসের সঙ্গে কনডেনসেট (গ্যাস খনিতে পাওয়া একধরনের অপরিশোধিত তেল) থাকে। এগুলো আলাদা করে পাইপলাইনে গ্যাস সরবরাহ করতে হয়। কিন্তু গত রোববার বিবিয়ানা গ্যাসফিল্ডে কনডেনসেটের মজুত সর্বোচ্চ সীমায় (৭২ হাজার ব্যারেল) পৌঁছে। ফলে সেদিন গ্যাস উৎপাদন কমিয়ে দিতে হয়। রোববার উৎপাদিত হয় ৮৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আর এতেই সবচেয়ে বড় ধাক্কা এসে লাগে চট্টগ্রামে। কারণ, চট্টগ্রামের অবস্থান হলো বিতরণ লাইনের শেষ প্রান্তে। গত দুই দিনে বিবিয়ানায় উৎপাদন বাড়লেও আগের ঘাটতিগুলো মেটাতে গিয়ে চট্টগ্রামের পরিস্থিতি আর স্বাভাবিক করা যায়নি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সূত্র জানায়, গ্যাসক্ষেত্র থেকে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যায়। এই কনডেনসেট প্রক্রিয়াজাত করে পেট্রল ও ডিজেল উৎপাদন করা হয়। বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে এসব কনডেনসেট প্রধানত সিলেট গ্যাসফিল্ড কোম্পানি ও আশুগঞ্জের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানিতে (আরপিজিসিএল) সরবরাহ করা হয়। আশুগঞ্জ থেকে এসব কনডেনসেট সংগ্রহের দায়িত্বে রয়েছে বিপিসির নিয়ন্ত্রণাধীন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। কিন্তু এক মাস ধরে পদ্মা অয়েল এসব কনডেনসেট নিয়মিত সংগ্রহ করছে না। ফলে আশুগঞ্জে আরপিজিসিএলও বিবিয়ানা গ্যাস থেকে কনডেনসেট সংগ্রহ কমিয়ে দেয়। এতে বিবিয়ানা গ্যাসফিল্ডে মজুতক্ষমতা পূর্ণ হয়ে যায়। তাই বাধ্য হয়ে গ্যাস উৎপাদন কমাতে হয় বিবিয়ানাকে।
জিটিসিএলের চট্টগ্রামের দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক শফিউদ্দিন মো. ফরহাদ ওমর প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম গ্যাস সরবরাহ লাইনের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় এখানে প্রভাব বেশি পড়েছে। সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
জিটিসিএল সূত্র জানায়, পদ্মা অয়েলকে কনডেনসেট নেওয়ার অনুরোধ জানিয়ে গত ২৫ মে জিটিসিএল ও ২৬ মে আরপিজিসিএল চিঠি দেয়। কিন্তু এরপরও পদ্মা অয়েল কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ২ জুন পেট্রোবাংলাকে চিঠি দেয় জিটিসিএল। চিঠিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন যাতে নিয়মিত কনডেনসেট সংগ্রহ করে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। পদ্মা অয়েল অবশ্য এর আগেই, অর্থাৎ ৩০ এপ্রিল কনডেনসেট গ্রহণে অনিচ্ছার কথা জানিয়ে জিটিসিএলকে চিঠি দিয়েছিল।
এ প্রসঙ্গে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আমরা আসলে ফিনিশড প্রোডাক্ট (পরিশোধিত তেল) নিতে চাইছি। কনডেনসেট নেওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু অসুবিধা হচ্ছিল। বিষয়টি নিয়ে আমরা পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
গ্রাহকদের ভোগান্তি: রোববার সকাল ছয়টা থেকে চট্টগ্রামের অধিকাংশ আবাসিক এলাকায় গ্যাস-সংকট শুরু হয়। গতকাল বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থার উন্নতি হয়নি। নগরের দামপাড়া, আশকারদীঘির পাড়, লাভলেইন, নন্দনকানন, পাহাড়তলী, বাকলিয়া, বহদ্দারহাট, আগ্রাবাদ, মাদারবাড়ি, জামালখান, চকবাজারসহ অনেক এলাকায়ই সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক হয়নি।
আশকারদীঘির পাড় এলাকার বাসিন্দা উম্মে সালমা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গ্যাস না থাকায় রোববার সারা দিন রান্না করতে পারিনি। বাসায় ছোট বাচ্চা আছে। বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিনেছি।’
সংকট দেখা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ কম থাকায় বিভিন্ন ফিলিং স্টেশনে গতকাল ছিল গাড়ির লম্বা সারি। গ্যাস-সংকটে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদনও। প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টার কাছে গত সোমবার জরুরি ভিত্তিতে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম চেম্বার।
গ্যাসের সরবরাহ না বাড়া প্রসঙ্গে কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক মতিউর রহমান ভূঁইয়া বলেন, ‘সরবরাহ না বাড়লে আমাদের কিছু করার উপায় নেই। এ বিষয়ে প্রতি মুহূর্তে আমরা পেট্রোবাংলা ও মন্ত্রণালয়ে জানাচ্ছি। গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে আগামীকাল (আজ বুধবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি আমরা।’