চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাথরঘাটা বংশাল সড়কে দুই তরুণের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার সময় এলাকায় কিছু গুজবও ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপূজা উপলক্ষে বংশাল সড়কের মন্দিরের বাইরে একটি ছেলে পটকা ফাটায়। কয়েকজন বখাটে যুবক তাকে মারধর করলে তার স্বজনেরা প্রতিবাদ জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একটি করাতকলেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, জহরলাল হাজারী ও চৌধুরী হাসান মাহমুদ ঘটনাস্থলে যান। তাঁদের হস্তক্ষেপে রাত ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।