চট্টগ্রামে তৃতীয় দিনের মতো জোয়ারের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয় দিনের মতো জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পূর্ণিমার জোয়ারে গতকাল বুধবার দুপুরে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, দেশের প্রধান পাইকারি বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জ ডুবে যায়।
জোয়ারের পানির কারণে এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় দুপুর ১২টার দিকে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। সড়কে হাঁটু পরিমাণ পানি ওঠে।
ওই এলাকার বাসিন্দা মো. রেজা জানান, দুপুর থেকে পানি আসতে শুরু করে। এ নিয়ে তিন দিন একই সময়ে এলাকা প্লাবিত হলো। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে এ রকম পানি ওঠে।
গত সোমবার পূর্ণিমার জোয়ারে এখানে প্রথম জোয়ারের পানি ওঠে। একই দিন নগরের চাক্তাই খাতুনগঞ্জেও জোয়ারের পানি ওঠে। গতকাল বুধবার দুপুরেও খাতুনগঞ্জে জোয়ারের পানি ওঠে। এতে এখানকার ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগের মধ্যে পড়েন। দুই-তিন ঘণ্টা পর পানি আবার নেমে যায়।
এ ছাড়া নগরের বাকলিয়াসহ আরও কয়েকটি স্থানে জোয়ারের পানি ওঠার খবর পাওয়া গেছে।