চট্টগ্রামে তেল কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বিএসটিআইয়ের অনুমতি ছাড়া তাদের মোনোগ্রাম ব্যবহার করে সয়াবিন ও সরিষার তেল উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. জয়নাল আবদিন অভিযানের নেতৃত্ব দেন। সিটি করপোরেশন ও বিএসটিআই যৌথভাবে অভিযানের উদ্যোগ নেয়। জানা যায়, জেএস মার্কেটিং নামের ওই প্রতিষ্ঠানটি বাজারে মিনার ব্র্যান্ডের সয়াবিন ও সরিষার তেল প্রস্তুত ও বাজারজাত করে। তাদের তেলের বোতলে এক লিটার তেল থাকার কথা উল্লেখ করা থাকলেও পাওয়া গেছে ৯০০ মিলিলিটার। একইভাবে ৫০০ মিলিলিটারের বোতলে ৪৫০ মিলিলিটার এবং দুই লিটারের বোতলে ১৮০০ মিলিলিটার তেল পাওয়া যায়। এ ছাড়া কোনো ধরনের পরিশোধন ছাড়াই অপরিচ্ছন্ন পরিবেশে সনাতনি পদ্ধতিতে ওই তেল বোতলে ভরা হয়। তেল পরিশোধনের কোনো ব্যবস্থা কারখানায় দেখা যায়নি। উভয় ধরনের প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জেএস মার্কেটিংয়ের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করেন।