চট্টগ্রামে তেল ডিপোতে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গায় তেল ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক এনামুল কবির। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, এনামুল কবির নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি চট্টগ্রামে জ্বালানি তেলের ডিপোসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন স্থাপনা ও বাসে আগুন দেওয়ার বার্তা নিয়ে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে চট্টগ্রামে আসার কথা স্বীকার করেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালিয়ে চট্টগ্রামকে টালমাটাল করে দেশ অচল করারও পরিকল্পনা ছিল তাঁদের।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে ছাত্রশিবিরের নেতা স্বীকার করেছেন, নাশকতার বার্তা নিয়ে তিনি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে আসেন। পরদিন নগরের ফয়’স লেক ও বাকলিয়ার দুটি মেসে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈঠক করেন। সাবেক সাংসদ ও জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীর সঙ্গেও তাঁর বৈঠক করার কথা ছিল। কিন্তু ওই বৈঠকের আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কক্সবাজারের সাবেক সাংসদ হামিদুর রহমান আজাদ জামায়াতের শীর্ষ নেতাদের বার্তা শিবিরের কাছে পৌঁছে দেওয়ার কাজ সমন্বয় করতেন। আন্দোলন চাঙা করতে দেশের ৩৭টি অঞ্চলে শিবিরের ৩৭ নেতাকে দায়িত্ব দেওয়া হয়। চট্টগ্রামে আন্দোলন চাঙা না হওয়ায় এনামুল কবিরকে বার্তা নিয়ে চট্টগ্রামে পাঠানো হয়।
সূত্র জানায়, জবানবন্দিতে শিবিরের নেতা এনামুল স্বীকার করেন, ১৪ ফেব্রুয়ারি ফয়’স লেক এলাকায় বৈঠকের সময় চট্টগ্রাম বন্দর অচল, তেল ডিপোগুলোতে হামলার হুমকি দেওয়ার পরিকল্পনা হয়। স্কাইপের মাধ্যমে কেন্দ্রীয় ও ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলার পরিকল্পনাও ঠিক করা হয়।
২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের বাকলিয়ার বগারবিল এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।