চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন দগ্ধ ৩
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে অ্যাম্বুলেন্সে তাঁদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
গুরুতর দগ্ধ তিনজন হলেন জাহাজের বাবুর্চি কামাল উদ্দিন (৩২), গ্রিজার আজমীর হোসেন (৩৫) ও সুকানি মো. ইমন (২৫)। কামাল উদ্দিনের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার ধোপাতলী এলাকায়। আজমীরের বাড়ি নোয়াখালীর ভবেরচরে এবং ইমনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাস বলেন, আগুনে কামাল উদ্দিনের শরীরের শতভাগ, আজমীর হোসেনের ৮০ শতাংশ এবং ইমনের ৫৪ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, যমুনা অয়েল ডিপো থেকে প্রায় আট লাখ ৬৫ হাজার ১৭১ লিটার জ্বালানি তেল বোঝাই করে গতকাল সকালে বাঘাবাড়ী ডিপোর উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল ‘ওটি কিংফিশার-১’। কর্ণফুলী নদীতে নোঙররত অবস্থায় জাহাজের রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার থেকে সকাল নয়টা ১০ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনজনই রান্নাঘরেই দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ ও যমুনা অয়েল কোম্পানির যন্ত্রপাতির সহায়তায় সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ছয় লাখ টাকার মালামাল ক্ষতি হলেও জ্বালানি তেল ও ট্যাংকারসহ ১৪ কোটি টাকার সম্পদ উদ্ধার হয় বলে ফায়ার সার্ভিস জানায়।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলিমুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আগুনে জ্বালানি তেলের ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।