চট্টগ্রামে তৈরি পোশাক চুরির সময় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে যাওয়ার উদ্দেশে রওনা হওয়া চারটি কনটেইনার মুভারের মধ্যে একটি চলে যায় ভিন্ন পথে। নগরের সদরঘাট এলাকায় গাড়ি থামিয়ে রপ্তানিযোগ্য তৈরি পোশাক তোলা হচ্ছিল অন্য একটি কাভার্ড ভ্যানে। এ সময় গোয়েন্দা পুলিশের টহল দলের হাতে ধরা পড়ে চোর চক্রের সদস্যরা। গত বুধবার গভীর রাতে নগরের কোতোয়ালি থানার সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুই আসামি হলেন আলমগীর (৩০) ও হেলাল (২৫)। চুরির কাজে ব্যবহূত কাভার্ড ভ্যান ও রপ্তানি পণ্যবাহী কনটেইনার মুভারটি আটক করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্র থানায়, নগরের সিটিগেট এলাকার একটি কনটেইনার ইয়ার্ড থেকে চারটি কনটেইনার মুভারে করে রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দরে নেওয়া হচ্ছিল। তৈরি পোশাকগুলো চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ইয়ং ওয়ান নামের বিদেশি কারখানার। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, চারটি কনটেইনার মুভারের মধ্যে তিনটিই বন্দরের দিকে যায়। চালকের সঙ্গে চোর চক্রের যোগসাজশে অন্যটি সদরঘাট এলাকায় নিয়ে আসা হয়। ওই কনটেইনার মুভারটিতে ৯০০ কার্টন টি-শার্ট ছিল। এর মধ্যে ৩০টি কার্টন কনটেইনার মুভার থেকে একটি কাভার্ড ভ্যানে তোলার পর বুধবার রাত দেড়টার দিকে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ মালামালের বিষয়ে জানতে চাইলে এ কাজে নিয়োজিত তিনজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার দুজন রপ্তানি পণ্য চুরির বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানায়। গোয়েন্দা শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার তারেক আহম্মেদ বলেন, দুই গাড়ির চালকও চুরির ঘটনায় জড়িত।