চট্টগ্রামে তৈরি পোশাক শ্রমিকদের মৃত্যুবিমার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শ্রমিক-কর্মচারীদের স্বজনদের কাছে গ্রুপ বিমার চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম স্বজনদের মধ্যে চেক হস্তান্তর করেন। ২০টি প্রতিষ্ঠানের ২২ জন পোশাকশিল্প শ্রমিকের পরিবারের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেওয়া হয়।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, এম এ সালাম ও এস এম আবু তৈয়ব, লেবার অ্যান্ড ফায়ারবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আ ন ম সাইফউদ্দিন। পুলিশ কমিশনার পোশাকশিল্প কারখানায় আইনশৃঙ্খলা বজায় রাখতে শ্রমিক-মালিক সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী পোশাকশিল্প কারখানায় নিয়োজিত শ্রমিকদের কল্যাণে বিজিএমইএর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিউর রহমান, বিজিএমইএর পরিচালক মো. এ এম চৌধুরী সেলিম, নাফিদ নবী, সৈয়দ নজরুল ইসলাম, কাজী মাহবুব উদ্দিন, বিজিএমইএর সাবেক পরিচালক নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, জাফর উল্লাহ খান, মহিউদ্দিন চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, কফিল উদ্দিন।