চট্টগ্রামে থানা থেকে আসামির পলায়ন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হাজতঘরের ভেন্টিলেটর ভেঙে গত মঙ্গলবার রাতে এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার বিকেলে শুলকবহর এলাকায় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, পালিয়ে যাওয়া আসামির নাম মো. রুবেল (১৮)। তার গ্রামের বাড়ি চন্দনাইশের বরকল এলাকায়। পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রুবেল ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ‘এত ছোট পরিসরের জায়গা দিয়ে কোনো মানুষ যাওয়ার ঘটনা বিস্ময়কর বলে মনে হচ্ছে।’পুলিশ জানায়, পাঁচলাইশ থানায় মঙ্গলবার বেশি আসামি গ্রেপ্তার হওয়ায় রুবেলকে নারীদের হাজতখানায় রাখা হয়। ওই সময় কোনো নারী আসামি হাজতখানায় ছিলেন না। নারীদের হাজতখানার ভেন্টিলেটরটি জীর্ণশীর্ণ ছিল। ওই পথ দিয়েই রুবেল পালিয়ে যায়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, রুবেল একজন ছিঁচকে চোর ও ছিনতাইকারী। সে মঙ্গলবার দায়ের হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলার ৭ নম্বর আসামি।