চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি, চলবে কয়েক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। আজ বেলা সাড়ে তিনটায় নগরের প্রবর্তক মোড়ে। চট্টগ্রাম, ১ জুন
ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সোমবার রাত থেকে বৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত হওয়া ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকা ডুবে গেছে।

আবহাওয়া দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালের বৃষ্টিতে নগরে তেমন কোনো এলাকা পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু দুপুরের বৃষ্টির পর বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করে।
প্রাক–মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এটি থেমে থেমে আরও কয়েক দিন চলবে। তবে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা কম।

সরেজমিনে দেখা গেছে, নগরের ওয়ারলেস, প্রবর্তক মোড়, চকবাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসফেরত ও প্রয়োজনে বের হওয়া লোকজন বিপাকে পড়ে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী প্রথম আলোকে বলেন, এখন প্রাক–মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আরও কয়েক দিন চলবে। তবে তা থেমে থেমে হবে। একটানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত কম।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুপুর ১২টার পর বন্দরনগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বিকট শব্দে বাজ পড়ছিল।

নগরের চকবাজারের মোহাম্মদ শাহ আলী লেনের বাসিন্দা আবদুল হামিদ বলেন, তাঁদের দক্ষিণে চাক্তাই খাল ও উত্তরে হিজড়া খাল। এবার কোনো খাল পরিষ্কার করা হয়নি। তাই বৃষ্টি হলেই ঘরবাড়িতে পানি উঠে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েন কর্মমুখী মানুষ। ফিরিঙ্গিবাজার ঘাট, চট্টগ্রাম। ১ জুন
ছবি: সৌরভ দাশ

নগরের ওয়ারলেসের মুরগি ফার্ম এলাকায় পানি জমে যাওয়ায় বিপাকে পড়েন চাকরিজীবী শাহাদাত হোসেন। তিনি বলেন, অফিস শেষ করে বাসায় ফিরছিলেন। কিন্তু গলির মুখে জলাবদ্ধতা হওয়ায় বিপাকে পড়েন।

জলাবদ্ধতা নিরসনে সিডিএর অধীনে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে বড় প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন খালে বাঁধ দেওয়া হয়েছে, যা আসন্ন বর্ষায় জলাবদ্ধতার কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এসব বাঁধ ১৫ দিনের মধ্যে সরিয়ে নিতে গত রোববার নির্দেশনা দেন মেয়র।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, সকালের বৃষ্টিতে কোথাও জলাবদ্ধতা হয়নি। আর বিকেলে জলাবদ্ধতা হয়েছে কি না, তার খোঁজ নিচ্ছেন।