চট্টগ্রামে দখলে-দূষণে অস্তিত্ব হারাচ্ছে মনোহরখালী খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দখল, দূষণ আর নিয়মিত খননের অভাবে অস্তিত্ব হারাচ্ছে মনোহরখালী খাল। ছবিটি গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো
দখল, দূষণ আর নিয়মিত খননের অভাবে অস্তিত্ব হারাচ্ছে মনোহরখালী খাল। ছবিটি গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের পাথরঘাটা কলাবাগিচা থেকে শুরু হয়ে কর্ণফুলীর সঙ্গে মিশে যাওয়া প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের খালের দুই পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে সেমিপাকা ও কাঁচা বাড়ি। সেখানেই ফেলা হয় গৃহস্থালির বর্জ্য ও ময়লা-আবর্জনা। নিয়মিত খনন আর পরিষ্কার না করার কারণে কমে গেছে নাব্যতা।
এভাবে ক্রমাগত দখল-দূষণে অনেক জায়গায় খালের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ চিত্র চট্টগ্রামের পাথরঘাটা ওয়ার্ডের কলাবাগিচা মনোহরখালী খালের। স্থানীয় লোকজনই খালের মধ্যে ঘর-বাড়ি গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। অনেকে খালের জায়গায় ঘরবাড়ি নির্মাণ করে নিম্ন আয়ের লোকজনদের ভাড়া দিয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তদারকির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল। তিনি গত বছরের ১০ ফেব্রুয়ারি খালের ওপর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে করপোরেশনের মেয়রকে চিঠি দিয়েছিলেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, মনোহরখালী খালের উভয় পাশের জায়গা কিছু লোক অবৈধভাবে দখল করে আছেন। কোনো প্রকার আবর্জনা কিংবা পানি চলাচল করতে পারছে না। এতে খালটি দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বলেন, ‘খালের অবস্থা খুবই খারাপ। আশপাশের লোকজন পুরো খাল দখল করে ফেলেছে। এখন আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, কোতোয়ালি থানার পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, কলাবাগিচা, মনোহরখালী, ইকবাল রোড এলাকার পানি নিষ্কাশিত হয় এ খাল দিয়ে। কিন্তু খালের দুরবস্থার কারণে জোয়ারের পানি নামতে পারে না। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের পাড়ে পাকা ভবন নির্মাণ করেছেন অধীর দাস। অভিযোগের বিষয়ে জানতে বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী রাধা দাস বলেন, ‘এখানে তো সবাই ঘরবাড়ি তৈরি করেছেন। আমাদের জায়গা খালের মধ্যে পড়েছে কি না, তা জানা নেই। আর যদি করপোরেশন ছাড়তে বললে আর সবাই ছেড়ে দিলে আমরাও ছেড়ে দেব।’
স্থানীয় বাসিন্দা সুধাংশ দাসের স্ত্রী বলেন, আজ থেকে ১০-১২ বছর আগেও এই খাল দিয়ে সাম্পান চলাচল করত। কিন্তু আস্তে আস্তে যে যার মতো করে দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে। এ কারণে সংকুচিত হয়ে গেছে খাল। এখন সাম্পান তো দূরের কথা, পানি চলাচলের পথ নেই।
একই কথা উল্লেখ করে বৃদ্ধা গীতা দাস বলেন, এখন জোয়ারের পানি প্রবেশ করলে সহজে নামে না। পানি জমে থাকায় চলাচল করতে কষ্ট হয়।
খালের জায়গায় বসতি নির্মাণের বিষয়ে জানতে চাইলে ভ্যানচালক সুজিত দাস বলেন, ‘আমরা ভাড়া দিয়ে থাকি। মালিক তুলেছে, আমরা কী করব।’
তবে তিনি জানান, মালিক রাজকুমার দাস তাঁদেরকে ঘর ছেড়ে দিতে বলেছেন। রাজকুমারের মুঠোফোন নম্বর চাইলে দিতে পারেননি তিনি।
পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, প্রায় ৫০০ ফুট পর্যন্ত খালের দুই পাড়ে প্রতিরোধ দেয়াল ও পাঁচ ফুটের একটি রাস্তা নির্মাণ করা হবে। এ জন্য এক কোটি সাত লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে পুরো খাল রক্ষা করতে হলে তিন কোটি টাকা প্রয়োজন।