চট্টগ্রামে দফায় দফায় বাড়ছে ডালের দাম
চট্টগ্রাম নগরের বাজারে দফায় দফায় বেড়ে চলেছে ভালোমানের মসুর ডালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে দেশি ও নেপালি মসুর ডালের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০-১৩ টাকা। বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে খুচরা বাজারে দেশি মসুর ডাল কেজিপ্রতি বিক্রি হয় ১২৫ টাকায়। গতকাল সেই একই মানের ডাল বিক্রি হয় ১৩৫ থেকে ১৩৮ টাকায়। কানাডা ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা মসুর ডাল পাওয়া যাচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। নগরের পাইকারি বাজার খাতুনগঞ্জের ডাল আমদানিকারক মীর মোহাম্মদ হাসান জানান, আগের তুলনায় ডালের আমদানি খরচ বেড়ে গেছে। এ ছাড়া খোসা ছাড়াতে মিল খরচ, যাতায়াত খরচসহ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে খুচরা বাজারে যেতে যেতে ডালের দাম বেড়ে যায়। খুচরা ব্যবসায়ী কবির আহমেদ বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।এদিকে চট্টগ্রামের বাজারে নতুন চাল আসাতে পুরোনো চালের চাহিদা বেড়ে গেছে ক্রেতাদের কাছে। চাহিদা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে পুরোনো চালের দামও। ব্যবসায়ীরা জানান, চালের দাম প্রতি বস্তায় ১০০ টাকা করে বেড়েছে। রিয়াজউদ্দিন বাজারের বায়েজিদ স্টোরের ব্যবস্থাপক কবির আহমেদ প্রথম আলোকে বলেন, বাজারে আমনের নতুন চাল এসেছে। এখন ক্রেতাদের আগ্রহ পুরোনো চালের দিকেই। তাই এসব চালের দাম দুই থেকে তিন টাকা করে বেড়ে গেছে। চালের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আতপ চাল ২৮ থেকে ৩০ টাকা, মিনিকেট ৩২ টাকা, বেতি ৩০ টাকা, জিরাশাইল ৩৬ টাকা, পারি সিদ্ধ ৩৩ টাকা, মিনিকেট সিদ্ধ ৩২ থেকে ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।