চট্টগ্রামে দম্পতি অগ্নিদগ্ধ
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ দম্পতি হলেন মো. নাদিম (৩৫) ও তাঁর স্ত্রী আকলিমা আক্তার (২৫)। আগুনে আকলিমার শরীরের ৯৮ শতাংশ ও নাদিমের ২০ শতাংশ পুড়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই দম্পতি নগরের বাকলিয়ার মাস্টারপুলের খেজুরতল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। পরিবারের দাবি, রান্নার চুলা থেকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে রান্নার চুলা থেকে আকলিমা আক্তারের পরনের কাপড়ে আগুন লাগে। তাঁর চিত্কার শুনে নাদিম বাঁচাতে গিয়ে নিজেও দগ্ধ হন।
হাসপাতালে চিকিত্সাধীন আকলিমা বলেন, ‘আমার স্বামীর কোনো দোষ নেই।’
নাদিম ইসলামী ব্যাংকে কর্মরত বলে জানা গেছে। তাঁর মুখমণ্ডল ও বুক-হাত পুড়ে যায়। তিনি কথা বলতে পারছিলেন না।
হাসপাতালের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা মিশমা ইসলাম বলেন, ‘দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিত্সা দেওয়া হচ্ছে।’
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বুঝতে পারছি না। তদন্ত চলছে।’