চট্টগ্রামে দম্পতি অগ্নিদগ্ধ
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন৷ গতকাল বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে৷
পরিবারের দাবি রান্নার চুলা থেকে এ ঘটনা ঘটে৷ দগ্ধ দম্পতি হলেন মো. নাদিম (৩৫) ও তাঁর স্ত্রী আকলিমা আক্তার (২৫)৷ তাঁরা নগরের বাকলিয়ার মাস্টারপুলের খেজুরতল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন৷
আকলিমার শরীরের শতকরা ৯৮ ভাগ এবং নাদিমের ২০ ভাগ পুড়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে রান্নার চুলা থেকে আকলিমা আক্তারের পরনের কাপড়ে আগুন লাগে৷ তাঁর চিৎকার শুনে নাদিম তাঁকে বাঁচাতে গিয়ে নিজেও দগ্ধ হন৷
হাসপাতালের শয্যায় শুয়ে আকলিমা বলেন, ‘আমার স্বামীর কোনো দোষ নেই৷’
নাদিম ইসলামী ব্যাংকে কর্মরত বলে জানা গেছে৷ তাঁর মুখমণ্ডল, বুক ও হাত পুড়ে গেছে৷ তিনি কথা বলতে পারছিলেন না৷
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিশমা ইসলাম বলেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক৷ তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে৷
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বুঝতে পারছি না৷ আমরা তদন্ত করে দেখছি৷’