চট্টগ্রামে দরপত্র ছিনিয়ে নিয়েছে যুবলীগ সমর্থকের অনুসারীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) স্থানীয় কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার সকালে দরপত্রের শিডিউল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আনোয়ারা উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির অনুসারীরা এ কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় নগরের ডবলমুরিং থানায় বিসিআইসি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছে।চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা-সংলগ্ন ডাই অ্যামোনিয়াম ফসফেট সার কারখানা কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) গুদামে সার পরিবহন ও ওঠানামানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। এটি ছিল প্রায় অর্ধকোটি টাকার কাজ। গতকাল সকালে রাজ্জাক এন্টারপ্রাইজের পক্ষে দরপত্র জমা দিতে গেলে বিসিআইসির আগ্রাবাদ কার্যালয় থেকে তা কেড়ে নেওয়া হয়। রাজ্জাক এন্টারপ্রাইজের মালিক এবং মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম অঞ্চলের সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক বলেন, ‘সার কারখানার দরপত্র জমা না দিতে আমার কাছে প্রস্তাব পাঠানো হয়। আমি এই প্রস্তাবে সাড়া না দিয়ে উন্মুক্ত প্রতিযোগিতায় তাঁদের অংশ নিতে বলেছি। তাঁদের এও বলেছি, আমি সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেলে তোমাদের কথা শুনব। এর আগে কোনো সমঝোতা করব না।’আবদুর রাজ্জাক আরও বলেন, ‘লিয়াকত নামের একজন ব্যক্তি আমাকে বারবার ফোন করে সমঝোতার প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে আগ্রাবাদের বিসিআইসির কার্যালয় থেকে আমার দরপত্র ছিনিয়ে নেওয়া হয়, যেটা একটা অবিশ্বাস্য ঘটনা মনে হচ্ছে।’রাজ্জাক এন্টারপ্রাইজের অফিস সহকারী জানান, লিয়াকত আনোয়ারা উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় প্রভাব খাটিয়ে তিনি দরপত্র ছিনিয়ে নেন। জানতে চাইলে লিয়াকত অভিযোগ অস্বীকার করেন। পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমি কেন দরপত্র ছিনিয়ে নেব?’ তবে আবদুর রাজ্জাককে দরপত্র নিয়ে সমঝোতার প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছেন লিয়াকত।এদিকে দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিসিআইসির চট্টগ্রাম কার্যালয়ের একজন কর্মকর্তা ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ডায়েরিতে কেবল ঘটনার বর্ণনা আছে। তবে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। বিসিআইসির উপমহাব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের কার্যালয়ে দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা ছিনিয়ে নিয়েছে তা আমরা জানি না। কারণ, তাদের আমরা চিনি না। তাই ঘটনার সম্পর্কে আমরা থানায় জিডি করেছি।’