চট্টগ্রামে দরবারের টাকা লুটের মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় করা মামলা বাতিল চেয়ে করা এক আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদনকারীপক্ষ বাতিল আবেদনটি না চালানোর কথা জানালে গতকাল বুধবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাশাপাশি ইতিপূর্বে মামলার কার্যক্রমে দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ায় মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ওই দরবারের আইনজীবী মোহাম্মদ এনাম।
তালসরা দরবার থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের ঘটনায় ২০১২ সালের ১৩ মার্চ র্যা ব-৭-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদার (চাকরিচ্যুত) ও ফ্লাইট লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) শেখ মাহমুদুল হাসানসহ ১২ জনের বিরুদ্ধে দরবারের গাড়িচালক মো. ইদ্রিস আনোয়ারা থানায় মামলাটি করেন। একই বছরের ২৫ জুলাই সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
এ মামলা বাতিল চেয়ে মাহমুদুল হাসান হাইকোর্টে আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দেন।
গতকাল আদালতে শেখ মাহমুদুল হাসানের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। দরবারের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম ও মোহাম্মদ এনাম।