চট্টগ্রামে দলীয় কর্মীদের চাঙা রাখতে নোমানের লাগাতার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামে লাগাতার কর্মসূচি পালনের মাধ্যমে তাঁর অনুসারী বলে পরিচিত দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন। শনিবার পর্যন্ত তিনি নগরের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় কাটাবেন বলে জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জম্মবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার থেকে এ কর্মসূচি শুরু হয়।তবে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর সমর্থকেরা নোমানের এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। গত ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলনের দিন এই দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। ওই দিন দুই পক্ষের সংঘর্ষের কারণে সম্মেলন পণ্ড হয়। পরে কেন্দ্র থেকে নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।দলীয় সূত্র জানায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার নগরের লালদীঘি মাঠে একটি দলীয় কর্মসূচিতে নোমান যোগ দেন। ওই অনুষ্ঠানে তাঁর অনুসারী বলে পরিচিত কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির একাধিক নেতাকে উপস্থিত থাকতে দেখা গেছে। আগের দিন মঙ্গলবার নোমান অনুসারীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম মাজারে ফুল দেন এবং জিয়ারত করেন।ঘন ঘন কর্মসূচি পালন সম্পর্কে আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যত্ আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের প্রস্তুত রাখতে লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছি। কর্মসূচি পালনের মাধ্যমে নেতা-কর্মীদের মনোবল চাঙা হয়ে উঠবে।’