চট্টগ্রামে দলীয় নেতা-কর্মীদের হাতে মেয়র লাঞ্ছিত
দলীয় নেতা-কর্মীদের হাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী লাঞ্ছিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরতলির বালুছড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের এক সভায় এ ঘটনা ঘটে। পরে দলীয় নেতা-কর্মীদের কাছে ক্ষমা চেয়ে মেয়র এলাকা ত্যাগ করেন।দলীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভা হয় বালুছড়া এলাকায়। মেয়র মহিউদ্দিন চৌধুরী ওই সভায় যোগ দেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেত্রী ফেরদৌস বেগমও ওই সভায় উপস্থিত হলে মেয়র তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং বসার চেয়ার কেড়ে নেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়র মহিউদ্দিন চৌধুরী জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে খারাপ আচরণ করলে ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম এর প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁর বসার চেয়ার মেয়র মহিউদ্দিন কেড়ে নিলে এলাকার মুরব্বিরা তা মেনে নিতে পারেননি। পরে দলীয় নেতা-কর্মীরা মেয়রকে নাজেহাল এবং অনুষ্ঠানের জন্য আনা বিভিন্ন ধরনের খাবার মেয়রের দিকে ছুড়ে মারেন।ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দলীয় নেতা-কর্মীরা মেয়রকে লাঞ্ছিত করলে আমার চেয়ার ফিরিয়ে দেওয়া হয়। পরে মেয়র ক্ষমা চেয়ে সভা করে চলে যান। আসলে মেয়র সিটি করপোরেশনের কাউন্সিলরদের কুকুরের চেয়ে অধম মনে করেন। কোনো মহিলা কাউন্সিলর খারাপ আচরণের কারণে তাঁর সঙ্গে দেখা করেন না।’এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে মেয়রের বক্তব্য পাওয়া যায়নি।