চট্টগ্রামে দাম কমছে রোজার পণ্যের
পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজার পণ্যের বেচাকেনা কমে গেছে। চাহিদা কমে আসায় রোজার পণ্যের দামও কমে গেছে। ছোলা, মটর ডালসহ বেশির ভাগ পণ্যের দাম কমেছে কেজিতে তিন থেকে সাত টাকা।
খাতুনগঞ্জের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, রোজার শুরুর আগে পাইকারি বাজারে কেজিপ্রতি ভালো মানের ছোলার দর উঠেছিল ৪৮ টাকা ২৩ পয়সা। এই দর কমে এখন ছোলা বিক্রি হচ্ছে ৪৩ টাকা ৬৭ পয়সা। একইভাবে মটর ডালের পাইকারি দর কেজিপ্রতি দুই টাকা কমে এখন ৩৭ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকারকেরা এই দরে বড় পাইকারি ব্যবসায়ীদের কাছে এখন পণ্য বিক্রি করছেন।
জানতে চাইলে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এবার রোজার পণ্যের সরবরাহ ভালো ছিল। মসুর ডাল ছাড়া অন্যসব পণ্যের দামও আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল রয়েছে। এ কারণে অনেক পণ্যের আমদানি খরচের চেয়ে দাম কমে গেছে।
আমদানিকারকেরা জানান, আন্তর্জাতিক বাজারে মসুর ডালের টনপ্রতি দর ২০০ থেকে ২৫০ ডলার বেড়েছে। কানাডা ও অস্ট্রেলিয়ায় মৌসুম শেষ এবং ভারতে ফলন ভালো না হওয়ার প্রভাবে দাম বেড়েছে মসুর ডালের। এর প্রভাবে স্থানীয় বাজারেও এ পণ্যটির দাম ঊর্ধ্বমুখী। তবে অন্যান্য পণ্যের দাম কমতির পাশাপাশি স্থিতিশীল রয়েছে। ছোলা ও মটর ডাল ছাড়াও গমের দাম কমেছে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ১৩০ টাকা।
ব্যবসায়ীরা জানান, রোজার প্রথম সপ্তাহে পণ্য বেচা-কেনার চাপ থাকে সবচেয়ে বেশি। ক্রেতাদের চাহিদা বাড়ায় খুচরা বিক্রেতারা এ সময় পাইকারি বাজার থেকে প্রতিনিয়ত পণ্য কেনার জন্য আসেন।
যোগাযোগ করা হলে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, রোজার পণ্যের পর্যাপ্ত মজুদ এবার বাজার স্থিতিশীল রেখেছে।