চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গতকাল সোমবার চুরি হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এ সময় বাসায় কেউ ছিল না।পুলিশ সূত্র জানায়, চোরের দল জানালার গ্রিল কেটে পুলিশের সার্জেন্ট আবু রায়হানের বাসায় ঢুকে আলমারি থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়। এর মধ্যে রয়েছে তিন হাজার ২০০ মার্কিন ডলার (প্রায় দুই লাখ ৩৫ হাজার টাকা), নগদ ৮০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার। ঘটনার সময় রায়হানের স্ত্রী আঞ্জুমান ছেলের ভর্তির কাজে স্কুলে ছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে আঞ্জুমান আলমারির মালামাল তছনছ দেখতে পান। এ ঘটনায় গতকাল পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি কয়েকজন চোর জামিনে বেরিয়ে গেছে। তাদের নামধাম আমরা সংগ্রহ করছি। তাদের কেউ সার্জেন্ট রায়হানের বাসায় হানা দিতে পারে বলে আমরা ধারণা করছি। আশা করি, শিগগিরই তাদের আমরা ধরতে পারব।’