চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক প্রধান সড়ক ছাড়া নগরের অন্যান্য এলাকায় সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইমমুভারসহ সব মালবাহী যানবাহন চলাচল, পণ্য ওঠানামায় নিষেধাজ্ঞা দিয়েছে নগর পুলিশ। আগামী রোববার থেকে পবিত্র ঈদুল ফিতরের দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গতকাল বুধবার গণমাধ্যমে নগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে আসা বন্দরগামী পণ্যবাহী সব গাড়ি সীতাকুণ্ডের ফৌজদারহাট হয়ে টোল রোড দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করবে। রোববার থেকে ঈদুল ফিতরের দিন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্দরকেন্দ্রিক সড়ক ছাড়া শহরে পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। নগরের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান টেরিবাজার দিয়ে ঢুকতে পারবে না। এসব গাড়ি জেল রোড হয়ে আনসার ক্লাব দিয়ে খাতুনগঞ্জে প্রবেশ করবে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, আন্তজেলা বাসগুলো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরের ভেতরে প্রবেশ করতে পারবে না। তবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি থেকে ঢাকাগামী আন্তজেলা দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে চলাচল করতে পারবে। তবে যাত্রী ওঠানামা করা যাবে না।