চট্টগ্রামে দিনে শান্তিপূর্ণ ভোট, সন্ধ্যায় সহিংসতা
চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। তবে সন্ধ্যায় বাঁশখালীর একটি ইউপিতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও তাঁর সমর্থকেরা রাত ১০টা পর্যন্ত কর্মকর্তাদের আটকে রাখে। এ সময় তাদের ইটের আঘাতে ম্যাজিস্ট্রেট আহত হন।ভোট চলাকালে আনোয়ারায় একটি কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে দুপুরে কোস্টগার্ড দুটি ফাঁকা গুলি ছোড়ে। আরেকটি কেন্দ্রে সিল দেওয়া ব্যালট ধরা পড়ে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, হাইলদর বশিরুজ্জামান উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের থামাতে কোস্টগার্ডকে দুটি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। আর ভোট গ্রহণের পর বাঁশখালীর পূর্ব পুকুরিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থী ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন কর্মকর্তাদের আটকে রাখেন। এ সময় তাঁদের ইটের আঘাতে ম্যাজিস্ট্রেট আহত হন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।জানা যায়, আনোয়ারা উপজেলার হাইলধর ইউপির দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে বাক্সে ঢোকানোর সময় সিল মারা নয়টি ব্যালট আটক করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। এরপর ব্যালটগুলো বাতিল করা হয়। বাঁশখালী: প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বাঁশখালীর ১৪ ইউপির ছয়টিতে আওয়ামী লীগ, পাঁচটিতে বিএনপি, দুটিতে জামায়াতের সমর্থক ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হন। আওয়ামী লীগের বিজয়ী প্রর্থীরা হলেন পুকুরিয়ায় মো. আকতার হোসাইন, সাধনপুরে আহসান উল্লাহ চৌধুরী, খানখানাবাদে জাহিদ হাসান চৌধুরী, কাথারিয়ায় মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী, শিলকুপে মোহাম্মদ মোজাম্মেল হক সিকদার ও পুঁইছড়িতে কফিল উদ্দিন চৌধুরী।বিএনপির জয়ী প্রার্থীরা হলেন বাহারছড়ায় লোকমান হোসেন, কালীপুরে আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়িতে মোহাম্মদ ইব্রাহিম বিন খলিল, চাম্বলে নূর মোহাম্মদ ওসমান গণি চৌধুরী ও ছনুয়ায় রেজাউল হক চৌধুরী। জামায়াতের জয়ী প্রার্থীরা হলেন শেখেরখিলে মো. জহিরুল ইসলাম ও গন্ডামারায় মো. আরিফ উল্লাহ। স্বতন্ত্র প্রার্থী হলেন সরল ইউনিয়নের লিয়াকত আলী তালুকদার।আনোয়ারা: আনোয়ারায় ১১টি ইউপির তিনটিতে আওয়ামী লীগ, পাঁচটিতে বিএনপি, দুটিতে জাতীয় পার্টি ও একটিতে জামায়াতের প্রার্থী জয়ী হন। আওয়ামী লীগের বিজয়ী প্রর্থীরা হলেন বারখাইনে হাসনাইন জলিল চৌধুরী, চাতুরিতে মো. ইয়াছিন হিরু ও বৈরাগে নওয়াব আলী।বিএনপির জয়ী প্রার্থীরা হলেন বটতলীতে আবুল কালাম, বরুমছড়ায় হুমায়ুন কবির, হাইলধরে মো. শাহাজাহান চৌধুরী, জুইদণ্ডিতে মোরশেদুর রহমান চৌধুরী ও বারাশাতে মোহাম্মদ হাছান চৌধুরী। জাতীয় পার্টির বিজয়ীরা হলেন চরইকোড়ায় আকতার জামাল চৌধুরী ও আনোয়ারা সদরে মোহাম্মদ সৈয়দ। জামায়াতের একমাত্র বিজয়ী প্রার্থী রায়পুরে সাবের ইবনে মাহবুব।