ক্ষমতার অপব্যবহার ও হুমকি দিয়ে সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে মামলাটি করা হয়। মামলার দুই আসামি হলেন: নগরের হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমেদ মিনহাজ ও মো. হারুন। মামলার বাদী হালিশহর থানার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ। বাদীর আইনজীবী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’ মামলার এজাহারে বলা হয়, গত ২৩ জানুয়ারি বাদী নূর মোহাম্মদের ঠিকানায় একটি নোটিশ দিয়ে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। তবে নোটিশটি নকল জানতে পেরে তিনি থানায় যেতে অস্বীকৃতি জানান। পরে ওই দিন সন্ধ্যায় এসআই মিনহাজ বাদীর বাসায় গিয়ে তাঁকে হুমকি দেন। এজাহার থেকে জানা যায়, সবুজবাগে নূর মোহাম্মদের একটি প্লট আছে। পাশের প্লটটি কেনার জন্য তিনি বায়না করেন। কিন্তু ওই প্লটটি না কিনে এসআই হারুন তাঁর দুলাভাই এ ওয়াই এম নুরুদ্দিন চৌধুরীকে বায়নানামা হস্তান্তর করতে নূর মোহাম্মদকে চাপ দিতে থাকেন। এতে অস্বীকৃতি জানালে ২৪ জানুয়ারি এসআই হারুন তাঁকে মারধর করেন এবং মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।আইনজীবী সানোয়ার আহমেদ বলেন, ‘এ ঘটনায় বাদী আহত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরে থানায় ও দুর্নীতি দমন কমিশনে মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে গতকাল আদালতে মামলা করেছেন।