চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, লতিফ আহত
চট্টগ্রামে আওয়ামী লীগের সমর্থক দুজন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে দলীয় সাংসদ এম আবদুল লতিফসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় আওয়ামী লীগের সমর্থক দুই ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে সাংসদ এম আবদুল লতিফের ঘনিষ্ঠ বলে পরিচিত এনামুল হক মুনিরী। একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হোসেন মুরাদ নগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সাংসদ আবদুল লতিফ ও মেয়র মহিউদ্দিন চৌধুরী দলীয়ভাবে বিরোধী অবস্থানে রয়েছেন। রাত আটটার দিকে বন্দর আবাসিক এলাকায় মুনিরীকে নিয়ে গণসংযোগ করছিলেন সাংসদ লতিফ। কিছুক্ষণ পর ওই এলাকায় হোসেন মুরাদ ও তাঁর সমর্থকেরা এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া পাথরের আঘাতে মাথায় আঘাত পান সাংসদ লতিফ। হোসেন মুরাদের কর্মী-সমর্থকদের ধাওয়া খেয়ে লতিফ ও মনিরের সমর্থকেরা এলাকা ছেড়ে যান। আহত লতিফ পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মুরাদের সমর্থকেরা এলাকায় মিছিল করেন।৩৭ নম্বর পশ্চিম-মধ্য হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ প্রথম আলোকে বলেন, ‘লতিফ বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের জন্য ভোট চাইতে এসেছিলেন। সে জন্য এলাকার ছাত্রলীগ ও যুবলীগ তাঁদের প্রতিহত করেছে।’ সাংসদ লতিফের মাথায় আঘাত পাওয়ার কথা স্বীকার করেন তিনি। মুরাদ আরও বলেন, পুলিশের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর যোগাযোগের চেষ্টা করা হলে এনামুল হক মুনিরী ও সাংসদ লতিফের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।সংঘর্ষ ও দুই পুলিশ সদস্য আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।