চট্টগ্রামে দুই কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার নাসিরাবাদ টেক্সটাইল গেট এলাকার দুটি ফোম তৈরির কারখানায় গতকাল বৃহস্পতিবার আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কারখানা দুটি হলো, ফোমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্টার পেডিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাতটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগুনে মোহাম্মদ হারুনের মালিকানাধীন পাশাপাশি অবস্থিত কারখানা দুটির ফোম তৈরির কাঁচামাল, ককশিট, মেশিন ও বয়লার পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম জানান, আগুনে মোট চার কোটি ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।