চট্টগ্রামে দুই কিশোরী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে দুই কিশোরীকে ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ ও পাশবিক নির্যাতনে তাদের একজনের মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে বহদ্দারহাটের কসাইপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (২৭)। তিনি দুই কিশোরীকে ঘরে আটকে রেখে ধর্ষণ ও একজনের মৃত্যুর ঘটনায় করা মামলার এক নম্বর আসামি। মামলার অন্য দুই আসামি হলেন রফিকুল ইসলাম ও বাড়ির মালিক মো. ইউসুফ।জাহাঙ্গীরের বাড়ি বান্দরবান সদরের টিঅ্যান্ডটিপাড়ায়। তাঁর বাবার নাম কালু মিয়া। তিনি আট মাস আগে বিয়ে করেন। জাহাঙ্গীর পাঁচ বছর ধরে মাইক্রোবাস চালান। প্রায় এক বছর আগে তিনি বহদ্দারহাটের ওই বাসায় ওঠেন। রফিকের সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে।চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘ঘটনার পর তিনি বান্দরবান পালিয়ে যান। গত সোমবার রাতে তিনি বহদ্দারহাটের বাসায় ফেরেন। সেখান থেকে আমরা তাঁকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচ-সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করব।’পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর দুই কিশোরীকে ধর্ষণের কথা অস্বীকার করেন। থানাহাজতে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই কিশোরী রাস্তায় কাঁদছে দেখে আমি তাদের আমার বাসায় রেখে বের হয়ে যাই। পরে কীভাবে কী ঘটেছে, তা আমি জানি না।’ তবে মামলার আসামি জাহাঙ্গীর স্বীকার করেন, রুমা মারা যাওয়ার পর হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান।অভিযোগ পাওয়া গেছে, কক্সবাজারের দুই কিশোরীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে গত ৩০ এপ্রিল চট্টগ্রাম আনা হয়। পরে নগরের বহদ্দারহাটে ঘরে আটকে দুদিন ধরে পালাক্রমে ধর্ষণ করে দুই দুর্বৃত্ত। পাশবিক নির্যাতনে ২ মে কিশোরী রুমা আক্তারের মৃত্যু হয়। পরে হাসপাতালে রুমার লাশ রেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।এ ঘটনায় চান্দগাঁও থানায় প্রথমে অপমৃত্যু মামলা এবং পরে ৫ মে বেঁচে থাকা কিশোরী বাদী হয়ে নারী নির্যাতন আইনে মামলা করে।