চট্টগ্রামে দুই খালের অবৈধ স্থাপনা অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের মহেশ খাল ও গয়নার ছড়া খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অভিযানের প্রথম দিনে প্রায় ১০০ স্থাপনা অপসারণ করা হয়েছে বলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই দুটি খালের উভয় পাড়ে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা রয়েছে বলে জানান সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলে পাড়ায় সরেজমিনে দেখা যায়, মহেশ খালের পূর্ব পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানগুলোর মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দোকানি ও তাঁদের স্বজনেরা। ভাসমান দোকানগুলো টিনের তৈরি। এর মধ্যে ছিল মুদির দোকান, চায়ের দোকান, রিকশার গ্যারেজ। বেলা একটার দিকে অভিযান শুরু করে সিটি করপোরেশন। এ সময় দোকানগুলো গুঁড়িয়ে দেয়। এ অভিযানে অংশ নেয় সিটি করপোরেশনের প্রায় ৭০ জন শ্রমিক।
প্রায় ছয় মাস আগে খালপাড়ে ভাতের দোকান খুলেছিলেন মোহাম্মদ বকুল। তিনি বলেন, স্থাপনা সরিয়ে নিতে আগের দিন সোমবার সিটি করপোরেশন মাইকিং করে। দোকানের মালামাল সরিয়ে নিতে পারলেও স্থাপনা সরানো সম্ভব হয়নি। একই কথা বলেন চা বিক্রেতা লাকী বেগম।
দক্ষিণ কাট্টলীর জেলে পাড়ার বাসিন্দা দুলাল দাশ ও হরিপদ দাশ প্রথম আলোকে বলেন, মহেশ খালে একসময় নৌকা চলত। কিন্তু ১৯৯০ সালের পর থেকে মহেশ খালের জায়গা দখল শুরু হয়। এতে খাল সংকুচিত হয়ে পড়ে পানিনিষ্কাশনও বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় মহেশ খাল উপচে পানি এলাকাগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশন মহেশ খালে উচ্ছেদ অভিযান শুরু করেছে। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম সিটি করপোরেশন মহেশ খালে উচ্ছেদ অভিযান শুরু করেছে। ছবি: সৌরভ দাশ

অভিযান শুরুর আগে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, মহেশ খালসহ নগরের সব কটি খালের উভয় পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি—কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উচ্ছেদের পর যাতে কেউ পুনরায় দখল করতে না পারে, সে ব্যাপারে নজরদারি থাকবে। আর খালগুলো খনন করে পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে।
জলাবদ্ধতায় জনগণ কষ্ট পাচ্ছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, সব কটি খাল দখলমুক্ত করা হলে নগরের জলাবদ্ধতা অনেকটাই নিরসন করা সম্ভব হবে।
এদিকে জেলে পাড়ার একটি অংশে খালের পাড় থেকে স্থাপনা অপসারণ করতে পারলেও আরেকটি অংশ থেকে সম্ভব হয়নি। এ সময় দোকানের লোকজন নিজেদের মালিকানার পক্ষে বিভিন্ন কাগজপত্র মেয়রের কাছে উপস্থাপন করেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার প্রথম আলোকে বলেন, তাঁদের মালিকানার পক্ষে কাগজপত্র সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে বলা হয়েছে। এরপর তা যাচাই-বাছাই করা হবে। যদি তাঁদের জায়গা হয় তা কিনে নেওয়া হবে।
চট্টগ্রাম নগরের কর্ণফুলীর সল্টগোলা থেকে শুরু হয়ে মহেশ খাল নগরের আগ্রাবাদ, হালিশহর ও দক্ষিণ কাট্টলীর বিভিন্ন এলাকা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। খালের দৈর্ঘ্য সাড়ে ১৩ কিলোমিটার। প্রস্থ ৫০ থেকে ১২০ ফুট। তবে দক্ষিণ কাট্টলীর জেলেপাড়া এলাকায় অনেক স্থানে খালের দৈর্ঘ্য ১৫ থেকে ২০ ফুট। এ ছাড়া গয়নার ছড়া খালের এক প্রান্ত নগরের ফইল্ল্যাতলী বাজারের মহেশ খালে মিশেছে। এর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার ও প্রস্থ গড়ে ৫৫ ফুট।