চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন। এদিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে গতকাল নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দলীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত আ জ ম নাছির উদ্দিন তাঁর আগ্রাবাদের ব্যবসায়িক কার্যালয়ে বিভিন্ন স্তরের নাগরিকের সঙ্গে কথা বলেন। তিনি বিকেলে আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক বিপণিবিতানে জনসংযোগ করেন। ওই সময় তিনি তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
সন্ধ্যায় নাছির উদ্দিন মোমিন রোডে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি সেখানে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দ্রুত কেন্দ্র ও ওয়ার্ডভিত্তিক নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে জানান, আ জ ম নাছির উদ্দিন আগ্রাবাদে এক ঘণ্টা জনসংযোগ করেন। এরপর তিনি সাংগঠনিক সভা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
এদিকে মনজুর আলমের পক্ষে প্রচারণা শুরু করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল বিকেলে তিনি হালিশহর নয়াবাজার বিশ্বরোড মোড়ে মনজুর আলমের পক্ষে নির্বাচনী প্রচারণার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নোমান বলেন, ‘আমরা আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করেছি। সরকারি দল আচরণবিধি ভঙ্গ করেছে। তাদের প্রার্থী যদি নির্বাচিত হয়, তাহলে ছাত্রলীগ-আওয়ামী লীগ ছাড়া কোনো সাধারণ নাগরিক সিটি করপোরেশনে ঢুকতে পারবে না।’
সমাবেশ শেষে হালিশহর এলাকায় সড়কের পাশের দোকানে জনসংযোগ করেন আবদুল্লাহ আল নোমান। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
এ ছাড়া নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল সকাল থেকে রাত পর্যন্ত তাঁর মেহেদীবাগের বাসায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে তিনি নির্বাচনী কৌশল নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।