চট্টগ্রামে দুই দিন আগেই বাসের টিকিট শেষ
কুড়িগ্রামের যাত্রী রাশেদুল ইসলাম। কাজ করেন আনসার বাহিনীতে। ঈদে পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাবেন। এ আশায় ৬ আগস্টের টিকিটের জন্য বাসের কাউন্টারে আসেন। একটা একটা করে কাউন্টার চষে বেড়িয়ে জানলেন ওই দিনের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। দেখা হলে জানালেন তাঁর হতাশার কথা, ‘৮ তারিখের টিকিট পাচ্ছি। কিন্তু তখন বাসে যাওয়া ঝুঁকিপূর্ণ। ঈদের আগে রাস্তাঘাটে সমস্যা বাড়ে।’ কথা বলার সময় তড়িঘড়ি বাস কাউন্টারে ঢুকতে দেখা গেল মো. বাবুল হোসেন নামের কাঙ্ক্ষিত টিকিটপ্রত্যাশী আরেক যাত্রীকে। ৭ তারিখের খুলনার টিকিট চাইলেন। টিকিট নেই বলে জানিয়ে দেওয়া হলো কাউন্টার থেকে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকার হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, ইউনিক, ঈগল, টিআর ট্রাভেলস, কেয়া পরিবহনের কাউন্টারে গিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীদের এ রকম নানা ভোগান্তির দৃশ্য চোখে পড়ে। দুই দিন আগেই এসব কাউন্টারে ৫ থেকে ৭ আগস্টের টিকিট বিক্রি করা শেষ হয়ে গেছে। কেবল ১ থেকে ৪ এবং ৮ আগস্টের কিছু টিকিট রয়েছে। ২৫ জুলাই থেকে বেশির ভাগ কাউন্টারে ঈদে ঘুরমুখো যাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু হয়। কোনো কোনো পরিবহন প্রতিষ্ঠান অবশ্য এরও দুই-এক দিন আগে ঈদের টিকিট ছাড়ে। ঈগল পরিবহনের কে এ নোমান গতকাল বলেন, ‘দুই দিন আগেই আমাদের দক্ষিণ বঙ্গগামী বাসের টিকিট বিক্রি শেষ হয়েছে। আমরা এ এলাকার নিয়মিত যাত্রীদের কাছেই টিকিট বিক্রি করেছি।’ ইউনিক পরিবহনের মো. এমদাদ হোসেন বলেন, যাত্রীদের চাহিদা বেশি ৫, ৬ ও ৭ আগস্টের টিকিটের। কিন্তু আমাদের কাছে এই তিন দিনের কোনো টিকিট নেই। এদিকে, উত্তর ও দক্ষিণবঙ্গগামী মানুষের জন্য এবার ঈদে কোনো বাড়তি বাস নামানোর পরিকল্পনা বাস মালিকপক্ষের নেই। বাংলাদেশ আন্তজেলা বাস মালিক সমিতির সদস্য এস এম রানা এ বিষয়ে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে এ ঈদে উত্তর ও দক্ষিণবঙ্গ অভিমুখী নতুন কোনো বাস নামানোর পরিকল্পনা এখনো পর্যন্ত নেই। একটি পরিবহন কোম্পানির একজন বিক্রয় নির্বাহী বলেন, আমরা আগে রাত চারটা থেকে টিকিট বিক্রি করতাম। বিশাল লাইন থাকত। কিন্তু এবার সে তুলনায় অনেক ফাঁকা। যাত্রীরাও অনেকটা পিছিয়ে গেছেন যানজটের কারণে। তাই আমরাও নতুন কোনো গাড়ি নামাতে সাহস পাচ্ছি না।’