চট্টগ্রামে দুই দিনব্যাপী জাদু উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে দুই দিনব্যাপী ‘চট্টগ্রাম মেগা ম্যাজিক ফেস্টিভ্যাল-২০১৩’ গতকাল শুক্রবার শুরু হয়েছে। সকালে এ উৎসবের উদ্বোধন করেন জাদুশিল্পী উলফাত কবির।
বাংলাদেশ জাদু চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশ, ভারত, জার্মানি ও ফ্রান্সের প্রায় ৮০ জন জাদুশিল্পী অংশ নিয়েছেন।
উৎসবের প্রথম দিন গতকাল জাদু প্রদর্শনীর দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম প্রদর্শনীতে তরুণ শিল্পীরা জাদু প্রদর্শন করেন। এরপর দ্বিতীয় প্রদর্শনীতে ভারত ও দেশের জ্যেষ্ঠ জাদুশিল্পীরা জাদু প্রদর্শন করেন। উন্মুক্ত এসব প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রদর্শনী পরিচালনা করেছেন বাংলাদেশ জাদু চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক ও উৎসব কমিটির আহ্বায়ক জাদুশিল্পী রাজীব বসাক।
আজ শনিবার রাতে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।