চট্টগ্রামে দুই দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডায়াবেটিক মেলা। গতকাল শনিবার খুলশীর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ৩৬টি স্টল নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।গতকাল শনিবার সকালে সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি বলেন, ডায়াবেটিসের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে নিয়ন্ত্রিত জীবন মেনে চলতে হবে। চট্টগ্রামের রোগীদের আর যাতে ঢাকায় ছুটতে না হয়, সে লক্ষ্যে এই হাসপাতালকে একটি অত্যাধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি হাসপাতালের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। সভাপতির বক্তব্যে ছৈয়দুর রহমান বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতকব্যাধি। বর্তমান বিশ্বে প্রতি আট সেকেন্ডে মৃত্যুবরণ করছে একজন ডায়াবেটিস রোগী। আজই এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. নওশাদ আহমেদ খান, সমিতির সহসভাপতি এস এম শওকত হোসেন, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক জাবেদ আবছার চৌধুরী প্রমুখ। মেলায় রয়েছে ইনসুলিন, ডায়াবেটিস রোগীদের খাওয়ার উপযোগী বিস্কুট, পিঠা, তেল, মিষ্টি, হালুয়া, জিলাপি, জ্যাম-জেলিসহ যাবতীয় খাদ্যসামগ্রীর স্টল। রয়েছে রোগীর পায়ের যত্নে স্পেশাল সাবানসহ ডায়াবেটিস রোগ নির্ণয়ের অন্যান্য জিনিসপত্র। বিনা মূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়ের সুবিধা, টেলিমেডিসিন কার্যক্রম ও ই-স্বাস্থ্য বিমা পলিসি করার সুযোগও রেখেছে আয়োজনকারীরা। মেলা চলবে আজ (রোববার) সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত।