চট্টগ্রামে দুই দিনব্যাপী শিশু উৎসব শুরু
চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী শিশু উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লক্ষ্য ও স্বপ্ন বড় হলে অর্জনটাও বড় হবে। শিশুদের স্বপ্নের পরিধি যাতে বড় হয়, সেদিকে শিক্ষক-অভিভাবকদের নজর রাখতে হবে।উৎসবের আয়োজন করেছে শিশুদের পাঠশালা। উৎসবের উদ্বোধন করেন আরটিভির নির্বাহী পরিচালক সৈয়দ আশিক রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক আবু তহের মুহাম্মদ, বসুধা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার খান, উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন, মাহবুবুর রহমান।আলোচনা সভা শেষে পাঠশালার বৃত্তিপ্রাপ্ত শিশুদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে শিশুশিল্পীরা নাচ, গান ও কবিতা পরিবেশন করে। আজ দ্বিতীয় দিনে বেলা একটা থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গুণীজন সম্মাননা, বৃত্তি প্রদান, জাদু ও শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী হবে।