চট্টগ্রামে দুই ধর্ষকের যাবজ্জীবন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নয় বছর বয়সের শিশুকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার নূর মোহাম্মদ ও মো. কালু। আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন।ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৬(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুই আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।’আদালত সূত্র জানায়, ২০০০ সালের ১২ মার্চ সন্ধ্যায় পূর্ব চাম্বল গ্রামের নয় বছর বয়সী এক কন্যাশিশু বাড়ির পাশের পাহাড়ে গরুর জন্য খাবার সংগ্রহ করতে যায়। তখন নূর মোহাম্মদ ও কালু জোরপূর্বক ওই শিশুকে তুলে নিয়ে জঙ্গল চাম্বল এলাকায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঘটনার পরদিন বাঁশখালী থানায় দুজনকে আসামি করে মামলা করেন।