চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী ডেবারপাড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন সোহাগ (২৫) ও সাগর (১৫)।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় এ ঘটনা ঘটে। আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, স্থানীয় বিএনপি নেতা শাহ আলম ও তার ভাই কামালের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে সোহাগের বাগ্বিতণ্ডা হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে একপর্যায়ে সোহাগ ও তাঁর দোকান কর্মচারীকে গুলি করে তারা পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ গেলে এলাকার পরিস্থিতি শান্ত হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, সোহাগের বুকে ও সাগরের পিঠে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দুজনেই আশঙ্কামুক্ত। আহতদের আত্মীয় জাহাঙ্গীর আলম বলেন, শাহ আলম ও কামাল তাদের লোকজন নিয়ে সাগরের দোকানের সামনে গিয়ে হামলা ও গুলি চালায়।