চট্টগ্রামে দুই পুলিশের বিরুদ্ধে মামলা
গাড়িচালককে মারধরের অভিযোগে এক ট্রাফিক সার্জেন্টসহ দুই পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন নগরের কোতোয়ালি থানার তুলাতুলীর বাসিন্দা গাড়িচালক মোহাম্মদ হোসেন।
চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট শরীফুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরেক কনস্টেবলকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গাড়িচালক মোহাম্মদ হোসেন গতকাল বুধবার নগরের লেডিস ক্লাব থেকে মাইক্রোবাস নিয়ে কাজীর দেউড়ি যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে একটু দূরে একজন পুলিশ কনস্টেবল গাড়ি থামানোর সংকেত দেন। গাড়িটি থামানোর পর সার্জেন্ট শরীফুল প্রথমে গাড়ির কাগজপত্র দেখাতে বলেন। এরপর তিনি ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। না হলে সরকারি কাজের জন্য গাড়ি রিকুইজিশন দেওয়ার হুমকি দেন। পরে বাদী তাঁর পকেটে থাকা ৫০০ টাকা দিলে সার্জেন্ট শরীফুল বাদীকে মারধর শুরু করেন। পরে বাদী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পর তিনি কোতোয়ালি থানায় গেলে তাঁর মামলা নেয়নি পুলিশ।
বাদীর আইনজীবী সাজ্জাদ আলী বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মারধরের কথা অস্বীকার করে ট্রাফিক সার্জেন্ট শরীফুল ইসলাম আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি গাড়িচালকের কাছে কোনো ঘুষ দাবি করেননি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।