চট্টগ্রামে দুই পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গাড়িচালকের কাছে ঘুষ চাওয়া ও মারধরের অভিযোগে এক ট্রাফিক সার্জেন্টসহ দুই পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন চট্টগ্রামে জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট শরীফুল ইসলাম ও অজ্ঞাতপরিচয় এক কনস্টেবল। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এই মামলা করেন নগরের কোতোয়ালি থানার তুলাতুলীর বাসিন্দা গাড়িচালক মোহাম্মদ হোসেন। আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বাদী মোহাম্মদ হোসেন উল্লেখ করেন, ৭ জুন নগরের লেডিস ক্লাব থেকে মাইক্রোবাস নিয়ে তিনি কাজীর দেউড়ি যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের সড়কে একজন পুলিশ কনস্টেবল গাড়ি থামানোর সংকেত দেন। চালক গাড়িটি থামানোর পর সার্জেন্ট শরীফুল তাঁকে গাড়ির কাগজপত্র দেখাতে বলেন। কাগজপত্র দেখানোর পরও ওই পুলিশ কর্মকর্তা চালকের কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর দাবি করা টাকা না পেয়ে চালককে তিনি মারধর করেন। মারধরের পর বাদী মোহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে নগরের কোতোয়ালি থানায় তিনি মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। বাধ্য হয়ে আদালতে মামলা করেন বলে বাদী অভিযোগ করেন।
বাদীর আইনজীবী সাজ্জাদ আলী বলেন, আদালত বাদীর বক্তব্য শোনার পর মামলাটি তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তবে মারধরের কথা অস্বীকার করেন চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট শরীফুল ইসলাম। গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, গাড়ি চালকের কাছে তিনি কোনো ঘুষ দাবি করেননি।