চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনির্বাপণ-ব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় চট্টগ্রামে একটি পোশাক কারখানা ও একটি বৈদ্যুতিক সামগ্রী বিক্রির প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চট্টগ্রাম দমকল বাহিনীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশফিকুন নাহার। দমকল বাহিনী সূত্র জানায়, অগ্নিনির্বাপন সনদ ও সরঞ্জাম না থাকায় নগরের বহদ্দরহাট এলাকার ইলেকট্রনিক সিটি নামের বিক্রয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরের কাপ্তাই এলাকার টু ইউ ফ্যাশন প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পোশাক কারখানাটির সিঁড়ি সরু। কারখানাটিকে ১৫ দিনের সময় দিয়ে নতুন নির্ধারিত মাপের সিঁড়ি তৈরি করতে বলা হয়েছে। বৈদ্যুত্যিক সামগ্রী বিক্রির প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে।’